Kabuliwala (কাবুলিওয়ালা) (২০২৩) (বাংলা সিনেমা)
সিনেমা - কাবুলিওয়ালা
পরিচালনা - সুমন ঘোষ
সঙ্গীত পরিচালনা - ইন্দ্রদীপ দাশগুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা পড়ে নি কিংবা কাবুলিওয়ালার গল্প জানে না, আমাদের জেনারেশনে এরকম ছেলে-মেয়ে কমই আছে। তাই এত দুর্দান্ত এক কাহিনীকে নিয়ে যখন কিছু কাজ হচ্ছে তখন সেটা না দেখে থাকার কোনও মানে হয় না।
(Source - SVF অফিসিয়াল ফেসবুক পেজ)
🔶️ আমার ছোটবেলায় প্রথমে কাবুলিওয়ালাকে নিয়ে গল্প শোনা মা-এর কাছে। তারপর দেখেছিলাম বিখ্যাত সেই সিনেমা কাবুলিওয়ালা, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। ছবির পরিচালক ছিলেন তপন সিনহা। একটা আলাদাই ভালোলাগা তৈরি হয়েছিল কাবুলিওয়ালাকে নিয়ে। আবার সেই সাথে গল্পের শেষের জন্য একটু কষ্টও হয়েছিল। একজন সৎ ভালো মানুষের জীবনে কষ্ট কিছু কম না...
🔷️ এছাড়া কাবুলিওয়ালা-কে নিয়ে হিন্দিতেও একটা সিনেমা হয়েছিল। হেমেন গুপ্তার পরিচালনায় সেই ছবিতে মুখ্য চরিত্রের অভিনয় করেছিলেন বলরাজ সাহনি। বহুল জনপ্রিয় এই চলচ্চিত্রটি যদিও আমার দেখা হয়ে ওঠে নি, তবে এই সিনেমার কথা এখনও মানুষের মুখে শোনা যায়।
⚜️ এই নতুন কাবুলিওয়ালার ট্রেলারটা যেদিন দেখলাম সেদিনই ঠিক করে নিয়েছিলাম এই সিনেমা হলে গিয়েই দেখব। ট্রেলারে যেই জিনিসগুলো ভালো লেগেছিল, সেটাই সিনেমাতে ভরপুর পাওয়ার আশায় ছিলাম। আপনারা যদি ট্রেলারটি দেখতে চান, SVF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের থেকে ট্রেলারটির লিংক আমি দিলাম 👇
🔶️ কাবুলিওয়ালা সিনেমা মানেই পুরোনো কলকাতাকে ছুঁয়ে দেখা। বৃষ্টিস্নাত রাস্তা, দালান যুক্ত বাড়ি, কলকাতার অলি-গলি, ক্ষুদ্র প্যাসেজ দিয়ে বাড়িতে ঢোকার রাস্তা, রাস্তার মোড়ে একদল মানুষের রেডিওতে খেলার খবর শোনা, অনাবিল আনন্দ এই সবকিছূই যেন ছুঁয়ে গেছে সিনেমাটি। যেন কোথাও নিয়ে গিয়ে ফিরিয়ে আনে সেই সময়ের সকল স্মৃতি।
🔷️ নিজের দেশ থেকে বাধ্য হয়েই পয়সা রোজগার করার আশায় সুদূর আফগানিস্তান থেকে ভারতের কলকাতায় এসে পৌঁছায় কাবুলিওয়ালা। সেখানে কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে কিসমিস, কাজু, আখরোট সহ বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করে বেড়ায় কাবুলিওয়ালা। এমনই এক দিনে এক বাচ্চা মেয়ে, মিনির সাথে দেখা হয় কাবুলিওয়ালার। প্রথমে মিনি, কাবুলিওয়ালাকে ভয় পেলেও ক্রমেই সেই ভয় কোথায় যেন হারিয়ে যায়। মিনির সাথে কাবুলিওয়ালার এক সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিদিন তাদের দেখা হয়, খেলা হয়। অন্যদিকে কাবুলিওয়ালার আর এক আয়ের পথ ছিল টাকা ধার দেওয়া। বিভিন্ন মানুষদের টাকা ধার দিয়ে সেখান থেকে সুদ তুলত কাবুলিওয়ালারা। এই ধার নেওয়া লোকজনদের মধ্য থেকে একজন হঠাৎই কাবুলিওয়ালার সঙ্গে বেইমানি করলেন। সেখান থেকে থানা, পুলিশ, কোর্ট এইসব নিয়ে কাবুলিওয়ালার জীবনের অনেকটা বছর কেটে যায়। এরপর দীর্ঘ কয়েকবছর বাদে কাবুলিওয়ালার সাথে আবার দেখা হয় মিনির। এইখানেই লুকিয়ে আছে গল্পের মূল জায়গা।
📛 অভিনয়ের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় মিঠুন চক্রবর্তীর কথা। কাবুলিওয়ালার ভূমিকায় মিঠুন চক্রবর্তী এককথায় অসাধারণ। হাঁটাচলা থেকে শুরু করে, কথা বলা, অভিনয় সবকিছুতেই উনি ফাটিয়ে দিয়েছেন। মিঠুনের অভিনয় দেখার জন্যও এই সিনেমা দেখা যায়। এরপর বলতে হয় বাচ্চা মেয়েটির কথা, যে মিনির ভূমিকায় অভিনয় করেছে। যখনই স্ক্রিনে এসেছে, ওর থেকে চোখ সরানো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কী সুন্দর কথা, কী সুন্দর নাচ, গান, অভিনয়। সত্যিই দেখার মত !
⚜️ মিনির বাবার ভূমিকায় আবির চ্যাটার্জী ও মায়ের ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার। দুজনেই যে কত ভালো অভিনেতা-অভিনেত্রী সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন গোটা সিনেমা জুড়ে। আবিরকে ট্রেলারে দেখেই খুব ভালো লেগেছিল। আর এখানে ভালোলাগাটা আরও অনেকটা বেড়ে গেল। সোহিনীর অভিনয়ও মাতৃসুলভ, মেয়ের জন্য চিন্তা, সংসারের কথা সবই তার মাথায় রয়েছে।
🔰 এছাড়া ভোলা চাকরের ভূমিকায় সুমিত সমাদ্দার আছে। ওর কাজও বেশ ভালো লাগল। একজন অভিনেতার কাজ তখনই সাফল্য পায় যখন দর্শক পুরো অভিনয়ে ঢুকে গিয়ে বাস্তবেই কোনও চরিত্র মনে করে তাকে। সুমিতবাবুর কেসটাও এখানে সেরকম। ভোলা চাকরের শয়তানি দেখে ওকে কয়েক ঘা মাঝে মধ্যে মারার ইচ্ছা জেগেছে, যা বাস্তবে ওর অভিনয়ের সার্থকতাকেই তুলে ধরে। এছাড়া কয়েকটি চরিত্রে কৃষ্ণেন্দু দেওয়ানজি, কাঞ্চন মল্লিক এদের কাজ বেশ ভালো লেগেছে।
🔶️ সিনেমার গানগুলোও বেশ ভালো। চারটে গান আছে এই সিনেমাতে।
- 'ভাব যদি'
- 'খুশি কী ঈদ'
- 'কাবুল মানুষ'
- 'দরিয়া এই জীবনেরই'
এর মধ্যে সবথেকে ভালো লেগেছে 'কাবুল মানুষ' গানটা। এই গানটা গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য; গানের কথাও ওনারই। খুশি কী ঈদ গানটাও ভালো। বেশ মজার আর প্রাণোচ্ছল। এই গানের সময় আবিরের অংশগ্রহণ আরও প্রাণবন্ত করে তোলে সিনেমাটা। সবগুলো গান শুনতে চাইলে লিংক নীচে দিলাম 👇
📛 আর কিছু কথা বলার দরকার আমাদের সিনেমা হল নিয়ে। আমরা গেছিলাম রাধা স্টুডিওতে। বাঙ্গুর হসপিটালের পাশের গলিতে অবস্থিত চলচ্চিত্র ভবনটাই রাধা স্টুডিও। এখানে বেশি সিট নেই। নন্দনের সহযোগিতায় তৈরি হওয়া এই সিনেমা হলে টিকিটের দাম খুবই কম আর হলটাও যথেষ্ট ভালো। আওয়াজ খুবই পরিস্কার। বসার জায়গা খুবই ভালো, এছাড়া দর্শকদের সুবিধার জন্য অন্যান্য ব্যবস্থাও বেশ ভালো।
ছবি : রাধা স্টুডিও এর সামনে
📛 রাধা স্টুডিও এর গুগল ম্যাপ লোকেশন লিংক :
🔷️ পরিশেষে একটাই কথা, পারলে একবার দেখে আসুন কাবুলিওয়ালাকে। হতাশ তো হবেনই না, উল্টে ভালোবেসে আসবেন। মিঠুন চক্রবর্তী এক আলাদা লেভেলে এনে তুলেছেন কাবুলিওয়ালাকে। 🙏
কাবুলিওয়ালা সিনেমা
অভিনয়ে,
রহমত কাবুলিওয়ালা - মিঠুন চক্রবর্তী
মিনির বাবা - আবির চ্যাটার্জী
মিনির মা - সোহিনী সরকার
ভোলা চাকর - সুমিত সমাদ্দার
ঋণগ্রাহক - কাঞ্চন মল্লিক
শিক্ষক - কৃষ্ণেন্দু দেওয়ানজি
*-*-*-*-*
🔷️ ২৯.১২.২০২৩
Valo
ReplyDelete