Jaatishawr / জাতিস্মর (২০২৩) (বাংলা ওয়েবসিরিজ - Hoichoi)

ওয়েবসিরিজ : জাতিস্মর 
পরিচালনা : সানি ঘোষ রে
স্ট্রিমিং প্ল্যাটফর্ম : হইচই (HOICHOI)
সিজন : ১ (পর্ব - ১-৭)


📛 'জাতিস্মর' শব্দটা শুনলেই প্রথমে কী মাথায় আসে? আমার তো 'সোনার কেল্লা'র মুকুলের কথা মনে পড়ে যায়। একটা ছেলে তার আগের জন্মে কী ঘটনা ঘটেছিল তার অনেক কিছুর স্মৃতি নিয়ে আবার জন্মেছে। সে ছবি আঁকে, কথা বলে। এই সেই সিনেমা যা চলচ্চিত্র জগতে ময়দানে ফেলুদাকে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ।

🔰 জাতিস্মর বলতে এমনিতে কী বোঝায়!? যার প্রধানত পূর্বজন্মের কথা যার মনে থাকে। সাধারণত শিশুদের ক্ষেত্রে এই লক্ষণ দেখা যায়। এরা এমন অনেক কিছুই বলে থাকে যে সম্পর্কে তাদের এই জন্মে অভিজ্ঞতা হয়নি।


🔰 হইচইতে আসা 'জাতিস্মর' ওয়েবসিরিজটিও এই ঘটনার উপর বেস করেই তৈরি হয়েছে। গল্পে মূল চরিত্রে আছে একটি মেয়ে রূপকথা। রূপকথা তার কাজের জন্য একটি গ্রামে আসে কিছু ছবি তুলতে, সেখানে এক বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঘটনাচক্রে দেখা যায় সেটি তার প্রেমিকেরই দেশের বাড়ি। তারাই ওকে উদ্ধার করে বাড়ির মধ্যে নিয়ে যায়।

🔰 এরপরেই নতুন ঘটনার শুরু। বাড়ির বিভিন্ন কোনায় কোনায় কী ছিল তা রূপকথা বলতে থাকে, যে আগে কোনোদিন ওই বাড়িতে আসেনি। 

🔰 একটা বাচ্চা মেয়ের কথা সবার মনে পড়ে, যে অনেক বছর আগে ওই বাড়িতে এসে নিখোঁজ হয়ে যায়। তার যে কী হয়েছিল সে সম্পর্কে কেউ কিছুই জানে না। তবে কী রূপকথা, সেই মেয়েটির স্মৃতি নিয়েই আবার জন্মেছে!? বাস্তবে কী হয়েছিল মেয়েটির…. সবটাই জানা যাবে পুরো সিরিজটা দেখা হলে।

🔰 গল্পের জন্য যে বাড়িটি আর যে জায়গাটি বাছা হয়েছে, সিরিজটি দেখতে দেখতে যতটা বুঝতে পেরেছি, সেই জায়গাটা বেশ উপভোগ্য। একটি গ্রাম্য পরিবেশ আর ঘন জঙ্গল এবং তারই মাঝে এই বিশাল সাদা অট্টালিকা। 

🔰 ওয়েবসিরিজটির মূল চরিত্র রূপকথার ভূমিকায় অভিনয় করেছে মধুমিতা সরকার। বেশ সুন্দর ছিমছাম অভিনয়। বাচ্চা মেয়ের গলার স্বর হোক বা এমনি অভিনয়, দুটোই বেশ সুন্দরভাবে ম্যানেজ করেছে। তবে এমনি উচ্চারণ আরও একটু পরিষ্কার হলে আরো ভালো হত। অন্য চরিত্রে আছে রোহান ভট্টাচার্য, কৌশিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, কৃষ্ণেন্দু দেওয়ানজি, অনন্যা সেনগুপ্ত, মনোজ ওঝা প্রমুখ। আমার আলাদা করে ভালো লেগেছে কৃষ্ণেন্দু বাবুর অভিনয়। চাকরের ভূমিকায় অভিনয় করেছেন, কিন্তু আলাদা জায়গা করে নিয়েছেন। রোহান এর আগের কাজ হোস্টেল ডেজ্ দেখেছি। ওটা অসাধারণ একটা ওয়েবসিরিজ ছিল। এখানেও যেটুকু করেছেন ঠিকঠাক লেগেছে।

📛 সবমিলিয়ে বেশ ছিমছাম স্বল্প দৈর্ঘ্যের একটি ওয়েব সিরিজ। আছে রহস্য, আছে অ্যাডভেঞ্চার যা ছুটির দিনের দুপুরে মনোরঞ্জন করতে ব্যাঘাত ঘটাবে না।

Comments

Popular posts from this blog

'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue